সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- আগামী ২৩ এপ্রিল পশ্চিম বর্ধমান জেলায় অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারি চলছে পশ্চিম বর্ধমান জেলা জুড়ে। জেলায় আন্তঃরাজ্য ও আন্তঃজেলা মিলিয়ে মোট ২৩ টি নাকা পয়েন্ট করা হয়েছে। দুর্গাপুর শহরেও চলছে কড়া নজরদারি। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকায় নাকা চেকিং চালাচ্ছে।
দুর্গাপুরের হেমসিলা স্কুল মোড় সংলগ্ন এলাকায় একটি নাকা পয়েন্ট করা হয়েছে। শুক্রবার সেখানে গিয়ে দেখা যায় পুলিশের কড়া তল্লাশি অভিযান চলছে। রাস্তায় চলাচলকারী বিভিন্ন চার চাকা গাড়িকে থামিয়ে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। গাড়ির নথিপত্র পরীক্ষা করার পাশাপাশি সন্দেহজনক কিছু রয়েছে কিনা, তাও পরীক্ষা করে দেখছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরা। গাড়ি চালকের কাছ থেকে জানতে চাওয়া হয়, তিনি কোথা থেকে আসছেন ও কোথায় যাবেন।
নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করতে এই ধরনের অভিযান আগামী দিনগুলিতেও জোরদার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।


















