সংবাদদাতা,বাঁকুড়াঃ- সারা রাজ্যের পাশাপাশি বাঁকুড়াতেও চলছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার। প্রার্থীদের প্রচারে সাহায্য় করতে ছুটে যাচ্ছেন হেভিওয়েট নেতা থেকে তারকারা। শুক্রবার বাঁকুড়ার ছাতনায় তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন মণ্ডলের সমর্থনে নির্বাচনী প্রচারে অংশ নেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা বলিউডের খ্যাতনামা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। প্রার্থীর সমর্থনে করেন রোড শো। এরই মাঝে গরমের দাবদাহের হাত থেকে বাঁচতে দোকান থেকে কিনে নেন টুপি। আর এই টুপি কিনতে কিনতে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে হালকা চালে টুনি নিয়েই বিরোধীদের কটাক্ষ করতে ছাড়লেন না তিনি।
এদিন ঝাঁটিপাহাড়ি রেল মাঠ থেকে বাসস্ট্যান্ড মোড় পর্যন্ত একটি বর্ণাঢ্য রোড শোয়ে অংশ নেন বাবুল। রাস্তাজুড়ে দলীয় কর্মী-সমর্থকদের ভিড়ে প্রচার কার্যত জনসমাবেশে পরিণত হয়। রোড শো শেষে হঠাৎই একটি দোকানে ঢুকে পড়েন তিনি টুপি কেনার জন্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয় খানিক হালকা মুহূর্তও। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মজার ছলে বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, “আমরা তো টুপি পরাচ্ছি না, আমরা নিজেরাই টুপি কিনছি।”
এর আগে হুগলির পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারির সমর্থনে প্রচারে গিয়ে চায়ের দোকানে ঢুকে চা বানিয়ে সবাইকে খাইয়ে নজর কেড়েছিলেন রাজ্যসভার এই সাংসদ।


















