eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনজোয়ার

দুর্গাপুরে তৃণমূল সুপ্রিমোর পদযাত্রায় জনজোয়ার

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– আগামী ২৩ এপ্রিল রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম দফার নির্বাচন। তার আগে ২১ এপ্রিল শেষ হবে প্রথম দফার নির্বাচনের প্রচার ৷ আর এই শেষলগ্নে এসে প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে শাসক থেকে বিরোধী শিবির সব রাজনৈতিক দল ৷ সকলেই নিজ নিজ আসন থেকে জিততে বদ্ধ পরিকর। এরই মধ্যে শুক্রবার দুর্গাপুরের দুই আসনের প্রার্থী প্রদীপ মজুমদার ও কবি দত্ত এবং পাণ্ডবেশ্বর বিধানসভার প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে পদযাত্রা করলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাই পদযাত্রা ঘিরে দেখা গেল জনজোয়ার।

এদিন দুর্গাপুরের প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তা জুড়ে পদযাত্রায় অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রায় উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্ত এবং পাণ্ডবেশ্বরের প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। এই পদযাত্রা ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। পদযাত্রাকে ঘিরে সকাল থেকেই এলাকাজুড়ে তৈরি হয় উৎসবের আবহ, আর সময় যত গড়ায়, ততই মানুষের ঢল নামে রাস্তায়। হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থকের উপস্থিতিতে কার্যত জনসমুদ্রে পরিণত হয় পুরো বেনাচিতি বাজার এলাকা। রাস্তার দু’ধারে উপচে পড়ে ভিড়। কোথাও ঢাক, কাঁসর, শঙ্খধ্বনিতে মুখরিত হয় পরিবেশ, আবার কোথাও বরণ ডালা হাতে নিয়ে সাধারণ মানুষ নেত্রীকে অভ্যর্থনা জানায়। বহু জায়গায় ফুল বর্ষণ করে স্বাগত জানানো হয় তৃণমূল সুপ্রিমোকে। গোটা এলাকা জুড়ে ধ্বনিত হতে থাকে “জয় বাংলা” স্লোগান। অন্যদিকে কখনও হাত নেড়ে, আবার কখনও হাতজোড় করে রাস্তার দু’ধারে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে এদিনের এই বিশাল পদযাত্রা ঘিরে পুলিশের কড়া নজরদারি ছিল চোখে পড়ার মতো। পদযাত্রার প্রায় আড়ই কিলোমিটার এলাকা মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার ঘোরাটোপে।

দুর্গাপুরের পদযাত্রা শেষে মুখ্যমন্ত্রী কলকাতার উদ্দেশ্যে রওনা দেন দমদমের প্রার্থীদের প্রচারে যোগ দিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments