eaibanglai
Homeএই বাংলায়ভোটের আগে বাইকে নিষেধাজ্ঞা, শহরে মাইকিং করে প্রচার প্রশাসনের

ভোটের আগে বাইকে নিষেধাজ্ঞা, শহরে মাইকিং করে প্রচার প্রশাসনের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার সাধারণের বাইক চলাচলের ওপর গুচ্ছ বিধিনিষেধ জারি করছে নির্বাচন কমিশন। মঙ্গলবার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে থেকেই গোটা রাজ্য জুড়ে এই নিয়ম কার্যকর হবে।

কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোটের দু’দিন আগে থেকে কোনও বাইক মিছিল করা যাবে না। ভোটের আগের দুই রাত অর্থাৎ সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোনোভাবেই বাইক চালানো যাবে না। তবে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। কিন্তু এই সময় বাইকের পিছনে কোনও যাত্রী বসতে পারবেন না। ভোটের দিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইক চালানো যাবে। তবে শর্ত হল, ভোট দেওয়ার উদ্দেশ্যে বা জরুরি কোনও কাজে বাইক নিয়ে বেরোলে তবেই এই ছাড় মিলবে।

তবে কমিশনের তরফে কিছু ক্ষেত্রে ছাড়াও দেওয়া হয়েছে। যেমন চিকিৎসা, পারিবারিক কাজ কিংবা স্কুলে শিশুদের নিয়ে যাওয়া-নিয়ে আসা, এইসব ক্ষেত্রে নিষেধাজ্ঞা বলবত হবে না। সামাজিক অনুষ্ঠানে যাওয়ার জন্য যারা বাইকে সওয়ার হবেন, তাদেরও ছাড় দেওয়ার কথা বলা হয়েছে। র‌্যাপিডো কিংবা অন্যান্য অ্যাপভিত্তিক পরিষেবার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে না। এর বাইরে কেউ বিধিনিষেধ থেকে ছাড় পেতে চাইলে তাকে স্থানীয় থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে বলে জানায় কমিশন। এছাড়া বাইরের এলাকা থেকে আগত ব্যক্তিদের ভোটের আগেই সংশ্লিষ্ট এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষ হলে তারা পুনরায় ফিরতে পারবেন।

এদিকে দুর্গপুর শিল্পাঞ্চলে গতকাল থেকেই এই মর্মে প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। দুর্গাপুর সিটি সেন্টারের স্মার্ট বাজার এলাকায় সিটি সেন্টার ফাঁড়ির পক্ষ থেকে গতকাল রাতেই প্রচার চালানো হয়, যাতে সাধারণ মানুষ এই নির্দেশিকা সম্পর্কে অবগত হন।

প্রশাসনের মতে, ভোটগ্রহণকে ঘিরে কোনওরকম অশান্তি বা বেআইনি কার্যকলাপ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments