নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যের প্রথম দফা নির্বাচনে আজ দুর্গাপুরের দুটি আসনে চলছে ভোটগ্রহণ পর্ব। গরমকে উপেক্ষা করতে সকাল থেকেই বুথে বুথে চোখে পড়ে ভোটারদের লম্বা লাইন। সকাল ১১ পর্যন্ত দুর্গাপুর পূর্ব কেন্দ্রে ৩৭.৯৬ শতাংশ ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে ভোট পড়েছে ৩৯.১৮ শতাংশ।
এদিন শান্তিপূর্ণভাবেই শুরু হয় দুই আসনের ভোটগ্রহণ পর্ব। সকাল থেকে সেরকম কোন বড় অশান্তির খবর মেলেনি। বুথে বুথে নজরে এসেছে কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারি। তবে এদিন সকালে যান্ত্রিক গোলযোগের জেরে দুর্গাপুর পশ্চিম বিধানসভার ১৬৫টি নম্বর বুথে ইভিএম মেশিনের ব্যাটারি না থাকায় ভোটগ্রহণ বন্ধ থাকে। ফলে ভোগান্তিতে পড়তে হয় ভোটারদের।
অন্যদিকে এদিকে এদিন সকাল সকাল ভোট দিতে দেখা যায় বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ঝাঁকে। তিনি দুর্গাপুরের ফাইন আর্টস ক্লাবের ৪৮ নং বুথে ভোট দেন। ভোট দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কটাক্ষের সুর শোনা যায় তার কথায়। তিনি বলেন, “এত কেন্দ্রীয় বাহিনী যদি কাশ্মীরে মোতায়েন করা হতো তাহলে হয়তো ২৬ টা প্রাণ এভাবে চলে যেত না কিংবা দিল্লিতে মোতায়েন করা হলে লালকেল্লার মতো ঘটনা ঘটতো না।”
এদিন আবার ভিড়িঙ্গী কালী বাড়িতে পুজো দিতে দেখা যায় দুর্গাপুর পূর্বের প্রার্থী তথা বিদায়ী বিধায়ক প্রদীপ মজুমদারকে। তিনি জানান সুষ্ঠু শান্তিপূর্ণভাবে ভোটদান ও তার এলাকার মানুষের শান্তি সমৃদ্ধির জন্য মায়ের কাছে প্রার্থনা করে ভোটের দিনটা শুরু করলেন। পাশাপাশি তার এলাকার বেশকিছু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায় থাকায় কিছুটা ক্ষোভের সুর শোনা যায় তার গলায়। তিনি বলেন, “অনেকের ভোটাধিকার এখনও সম্পূর্ণভাবে সুরক্ষিত হয়নি। অনেকের নাম বিচারাধীন তালিকায় রয়েছে। কিন্তু যাদের নাম ভোটার তালিকায় উঠেছে তারা যেন সুষ্ঠুভাবে ভোটটা দিতে পারে, এটাই আশা করবো।”
















