সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ পর্ব চলছে সকাল থেকে। এই পর্বে সমগ্র উত্তরবঙ্গ এবং গোটা জঙ্গলমহলের পাশাপাশি ভোট হচ্ছে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর জেলায়। দিন বেড়ে দুপুর গরানোর পাশাপাশি একাধিক জায়গা থেকে কিছু আশান্তির খবর পাওয়া যাচ্ছে। কোথাও শাসক দলের বিরুদ্ধে জমায়েত করার অভিযোগ তো কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। আবার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করতে খাবার দেওয়ার অভিযোগও উঠেছে।
এমনই কিছু বিক্ষিপ্ত ছবি উঠে এসেছে বাঁকুড়া থেকে। বাঁকুড়ার কোতুলপুর বিধানসভায় কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের বাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে, এমনকি কয়েকজনকে মারধর করা হয়েছে বলেও অভিযোগ। যদিও ঠিক কী কারণে এই ভাঙচুর বা মারধরের ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে ওই এলাকায় তৃণমূলের বহু কর্মী ও সমর্থক জড়ো হয়েছিলেন। ওই জমায়েত হঠাতে তৎপরতা দেখায় কেন্দ্রীয় বাহিনী। সেই সময়ই এই ভাঙচুর ও মারধরের অভিযোগ সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।
অন্যদিকে বাঁকুড়ার বিষ্ণুপুর বিধানসভার ঘুটবন নিউ প্রাথমিক বিদ্যালয়ের ২২৪ নম্বর বুথ সংলগ্ন এলাকায় ভোটারদের প্রভাবিত করার ঘটনায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বুথের কিছুটা দূরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভোটারদের ঘুগনি-মুড়ি খাওয়াচ্ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। তারা গিয়ে অভিযুক্তদের সেখান থেকে সরিয়ে দেয়।
এদিকে, এই কেন্দ্রের বিজেপি প্রার্থী শুল্কা চ্যাটার্জী শাসক দলের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন তৃণমূলের কর্মীরা ভোটারদের ভয় দেখিয়ে বলছেন সরকারি প্রকল্প যেমন ‘লক্ষীর ভান্ডার’ ও ‘বাংলার আবাস যোজনা’র টাকা বন্ধ করে দেওয়া হবে যদি তারা তৃণমূলকে ভোট না দেন।

















