সংবাদদাতা, আসানসোলঃ- প্রথম দফার ভোটে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল দক্ষিণ কেন্দ্র। এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণের হীরাপুর থানা এলাকায়। অভিযোগ, বুথ পরিদর্শন সেরে বেরোনোর পথে তার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়।
প্রসঙ্গত এদিন সকাল থেকে নিজের কেন্দ্রের বুথে বুথে ঘুরছিলেন প্রার্থী। দুপুর নাগাদ হীরাপুর থানা এলাকার রহমতনগর হাই স্কুলের বুথ পরিদর্শন করে তিনি যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছেন সেই সময় আচমকাই পিছন থেকে কেউ বা কারা চলন্ত গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। যার জেরে গাড়ির পিছনের ভেঙে চুরমার হয়ে যায়।এরপরই হীরাপুর থানায় অভিযোগ দায়ের করেন অগ্নিমিত্রা।
অন্যদিকে এই ঘটনার পরে গোটা এলাকায় পুলিশের অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে পৌছন উচ্চপদস্থ আধিকারিকরা ৷

















