সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- নতুন সরকারের পুর ও নগরোন্নয়ন এবং শিশু ও নারী কল্যান দপ্তরের ভার পেয়েছেন তিনি। মন্ত্রী পদে শপথ গ্রহণের পর প্রথমবার নিজের বিধানসভা এলাকা তথা নিজের শহর আসানসোলে ফিরেছেন অগ্নিমিত্রা পাল। সেখানে দলীয় কর্মী সমর্থকদের উদ্যোগে আয়োজিত বিজয় মিছিলে অংশ নিয়ে গানের তালে কোমর দোলাতে দেখা যায় মন্ত্রীকে।
প্রসঙ্গত রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের রানিগঞ্জের বাঁশরা এলাকায় সেখানে বিজেপি কর্মী-সমর্থকেরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। পরে একটি খোলা জিপে করে এলাকায় বিজয় মিছিল বের করা হয়। মিছিলে জিপের উপর দাঁড়িয়ে গানের তালে তালে মন্ত্রী অগ্নিমিত্রা পালকে নাচতেও দেখা যায়। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, “বিধায়ক ও মন্ত্রী হওয়ার পর নাচ করা কি নিষেধ?” তিনি বলেন, দীর্ঘ ১৫ বছর পর এই এলাকার মানুষ মুক্ত হাওয়ায় নিঃশ্বাস নিতে পারছেন। সেই কারণেই সাধারণ মানুষ ও কর্মী-সমর্থকদের মধ্যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তাই সবার সঙ্গে আনন্দে মেতে উঠলাম। তিনি আরও বলেন, “যখন এখানে এলাম, তখন সাধারণ মানুষ এবং আমাদের কর্মী-সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস চোখে পড়েছে। তাই আমিও তাঁদের সঙ্গে পা মিলিয়েছি। মানুষের সঙ্গে সুস্থ সংস্কৃতির চর্চাও করবো ও আবার বিধায়ক হিসেবে উন্নয়নের কাজও করব।”


















