সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গোপন সূত্রে অভিযান চালিয়ে আসানসোলের লোকো ময়দান এলাকা থেকে দুই অস্ত্র কারবারিকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি ৯ এমএম পিস্তল, দুটি পাইপ গান, ৩০ রাউন্ড গুলি এবং নগদ ১৫৭০ টাকা। বুধবার ধৃতদের আসানসোল সিজিএম আদালতে পেশ করা হলে আদালত ধৃতদের ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
পুলিশ সূত্রে জানা গেছে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে অস্ত্র কেনাবেচা হতে পারে বলে খবর ছল এসটিএফ-এর কাছে। সেই মতো আসানসোল দক্ষিণ থানার পুলিশকে নিয়ে মঙ্গলবার রাতে লোকো ময়দান এলাকায় যৌথ অভিযান চালায় পুলিশ এবং সেখান থেকে দুজনকে হাতেনাতে ধরে ফেলে। ধৃতদের নাম ফিরোজ খান ও মহম্মদ সোনু। ফিরোজ খানের বাড়ি দুর্গাপুরের নঈম নগর এলাকায় এবং মহম্মদ সোনুর বাড়ি আসানসোলের রেলপাড় বাবুয়া তালাব এলাকায়।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে অভিযুক্তরা মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র এনে আসানসোলের রেলপাড় এলাকায় একটি দুষ্কৃতী চক্রের হাতে সরবরাহ করার পরিকল্পনা করেছিল। তার আগেই এসটিএফ ফাঁদ পেতে দু’জনকে পাকড়াও করে।
এই বিশেষ অভিযানে এসটিএফ-এর সাব-ইন্সপেক্টর বিশ্বরূপ রায়, সফিকুল ইসলাম এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর ধীমান দত্ত উপস্থিত ছিলেন। পুলিশের দাবি, এই অস্ত্রগুলি দুষ্কৃতীচক্রের হাতে পৌঁছে গেলে শহরে বড় কোন দুষ্কৃতীকর্ম ঘটতে পারত। ধৃতদের সঙ্গে বড় কোন চক্র জড়িত রয়েছে কিনা তদন্ত করে দেখছে পুলিশ।

















