eaibanglai
Homeএই বাংলায়কারখানায় ভাটি ব্লাস্ট করে আশঙ্কাজনক ২ আহত আরো দুই…

কারখানায় ভাটি ব্লাস্ট করে আশঙ্কাজনক ২ আহত আরো দুই…

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের বেসরকারি ইস্পাত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। ফার্নেসে বিস্ফোরণের জেরে গুরুতর জখম চার শ্রমিক। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শিল্পাঞ্চলে।

জানা গেছে অন্যান্য দিনের মতোই এদিন সকালে গোপালপুরের ওই বেসরকারি ইস্পাত কারখানায় কাজ চলছিল। সেই সময় আচমকাই ফার্নেসে বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। মুহূর্তের মধ্যে ফার্নেসের মধ্যে থাকা গলিত ধাতু চারিদিকে ছড়েয়ে পড়ে। ওই গলিত ধাতুতে ঝলসে যান সেই সময় ফার্নেসে কাজ করা চার শ্রমিক। সহকর্মীরাই দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে পরিমল বিশ্বাস ও নিরঞ্জন বাগদী নামের দুই শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাকি দুই শ্রমিকও গুরুতরভাবে জখম হয়েছেন।

অন্যদিকে কারখানার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, কারখানায় পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নেই। নিয়ম মেনে নিরাপত্তা সরঞ্জামও অনেক সময় দেওয়া হয় না। এছাড়াও বহু শ্রমিকের ইএসআই ও পিএফ এর সুবিধা নেই বলেও অভিযোগ ওঠে। দুর্ঘটনার পর ক্ষতিপূরণ ও উন্নত চিকিৎসার দাবিতে বিক্ষোভ দেখান শ্রমিকরা।

ঘটনায় সরব হয় বিজেপিও। কাঁকসা চার নম্বর মন্ডল বিজেপির সভাপতি শুভাশিস মুখোপাধ্যায় বলেন, “আমরা খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌছই। বারবার এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অথচ কারখানায় সঠিক নিরাপত্তা ব্যবস্থা নেই। যারা জখম হচ্ছেন তাদের ঠিকভাবে চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে না। কারও ইএসআই নেই, কারও পিএফ নেই। দুর্ঘটনা ঘটলে কারখানা কর্তৃপক্ষ দায় এড়িয়ে যেতে চাইছে। কিন্তু আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, শ্রমিকদের কোনও ক্ষতি হলে তার সম্পূর্ণ দায় কারখানা কর্তৃপক্ষকেই নিতে হবে। না হলে আগামী দিনে কড়া পদক্ষেপ নেওয়া হবে।”

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই হাসপাতালে ভিড় জমায় জখম শ্রমিকদের পরিবার পরিজনেরা। কারখানার সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তারাও।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments