সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দুর্গাপুর শিল্পাঞ্চলে ফের গ্রেফতার তৃণমূলের নেতা। সন্ত্রাস ছড়ানো ও প্রতারণার অভিযোগে এবার গ্রেফতার হলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি শেখ ওয়াসুল। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে।
ধৃত শেখ ওয়াসুল দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাঙামাটি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই শেখ ওয়াসুলের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ জমা পড়ছিল। অভিযোগ, কখনও চাকরি দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছে, আবার কখনও ভয় দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করা হয়েছে। এলাকায় তার বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগও ছিল বলেও অভিযোগ। এছাড়াও, তার বিরুদ্ধে বিধানসভা নির্বাচনের আবহে ভোটারদের প্রভাবিত করা এবং চাপ সৃষ্টি করার মতো অভিযোগও সামনে আসে। স্থানীয় সূত্রে খবর, নির্বাচন পূর্ববর্তী সময়ে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং বেশ কয়েকজন বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ জানান। যদিও ধৃত নেতার দাবি তিনি রাজনৈতিক হিংসার শিকার। এদিন থানা থেকে আদালতে যাওয়ার সময় পুলিশের গাড়িতে বসে তিনি বলেন, “আমি জানি না, কেন আমাকে পুলিশ ধরেছে। আমি কোন কিছুর সঙ্গে জড়িত নই। ওপরওয়ালা আছেন।”
প্রসঙ্গত উল্লেখ্য রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই জেলায় জেলায় নানারকম দুর্নীতির অভিযোগে গ্রেফতার হচ্ছেন তৃণমূলের উঁচু থেকে নিচু বিভিন্ন স্তরের নেতারা। বাদ নেই পশ্চিম বর্ধমান জেলা বা আসানসোল-দুর্গাপুর শিল্পাঞ্চলও। গত কয়েকদিনে দুই শিল্পাঞ্চল থেকে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা। একের পর এক তৃণমূল নেতা গ্রেফতার হওয়ায় এখন রাজনৈতিক মহলে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, এরপরে কে?










