নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সগরভাঙার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা সবজি বিক্রেতা তাপস সূত্রধর। তার মেয়ে অনিন্দিতা এবারের মাধ্যমিক পরীক্ষায় চোখ ধাঁধানো ফলাফল করেছে। রাইরাণী দেবী গার্লস হাই স্কুলের এই ছাত্রীর মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ৬৭১। পদার্থ বিদ্যায় ১০০,জীবন বিজ্ঞানে ৯৯,ইতিহাস ও ভূগোলে ৯৭,বাংলায় ৯৫,ইংরেজিতে ৯৩ এবং অঙ্কে পেয়েছে ৯০। স্বভাবতই অনিন্দিতার এই ফলে খুশি পরিবার বন্ধু বান্ধব শিক্ষক শিক্ষিকারা। কিন্তু মেয়ের এই নজর কাড়া ফল চিন্তার ভাঁজ ফেলে সবজি বিক্রেতা তাবপবাবু ও তার স্ত্রী অর্চনা দেবী কপালে। এত ভাল রেজাল্ট করার পরও অর্থাভাবে মেয়ের পড়াশুনা বন্ধ হতে চলেছিল। কীভাবে মেয়ের উচ্চশিক্ষার ব্যবস্থা করবেন ভেবে পাচ্ছিলেন না সূত্রধর দম্পতি। তখনই ঈশ্বরের মতোই তার পাশে দাঁড়ান দুর্গাপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী উদয় চ্যাটার্জী। তিনি মেধাবী অনিন্দার কথা জানতে পেরে তার পড়শুনার সব ব্যবস্থা করে দেন। স্কুলে ভর্তি থেকে শুরু করে প্রয়োজনীয় বইপত্র সব কিনে দেওয়ার ব্যবস্থা করেন। পাশাপাশি আগামী দিনেও অনিন্দিতার পড়াশোনার জন্য সমস্ত প্রয়োজন মেটানোর আশ্বাসও দিয়েছেন তিনি।
অন্যদিকে অনিন্দিতার পাশে থাকার আশ্বাস দিয়েছে সমাজসেবী সংস্থা প্রেরণা ওয়েলফেয়ার সোসাইটি। মঙ্গলবার এক অনুষ্ঠানে দুর্গাপুরের এই মেধাবী পড়ুয়াকে সংবর্ধনা জানানো হয় সংস্থার পক্ষ থেকে।


















