সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বর্তমানে রিল, ফেসবুক সহ ডিজিটাল এন্টারটেইনমেন্টের যুগে বই প্রেমীর সংখ্যা ক্রমশ কমছে বলে অভিযোগ। বিশেষত নতুন প্রজন্ম নাকি আর বই পড়ার দিকে ঝুঁকছে না। এইসব আশঙ্কাকে যেন ফুৎকারে উড়িয়ে দিল আসানসোলের রূপনারায়ণপুর সুভাষ গ্রামীণ বইমেলা। মেলার উদ্যোক্তাদের দাবি প্রচণ্ড গরমকে উপেক্ষা করে এবারের বই মেলায় সমাগম ঘটেছিল প্রায় ৫০ হাজার বইপ্রেমী মানুষের। শুধু তাই নয়, এবারের বই বিক্রির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকায় পৌঁছেছে।
পশ্চিম রাঙ্গামাটিয়া ইয়ুথ ক্লাবের উদ্যোগে আয়োজিত রূপনারায়ণপুর সুভাষ গ্রামীণ বইমেলা শুরু হয়েছিল গত ১৬ মে থেকে চলে ২৪ মে পর্যন্ত। এবারের বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন বারাবনির সদ্য নির্বাচিত বিধায়ক অরিজিৎ রায়। প্রতিদিন সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা এবং বই প্রকাশ অনুষ্ঠান। মেলার শেষ দিনেও মানুষের ভিড় উপচে পড়েছিল। শেষ দিনে অনুষ্ঠান মঞ্চে গান পরিবেশন করে দর্শকদের মন জয় করেন দূরদর্শন ও আকাশ আট খ্যাত শিল্পী শ্রেয়া মৌলিক।
উল্লেখ্য, গত ২২ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে রূপনারায়ণপুরের এই বইমেলা। বর্তমানে যা এলাকার মানুষের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। উদ্যোক্তাদের দাবি মে মাসের তীব্র গরম রীতিমতো চ্যালেঞ্জ ছিল তাদের কাছে। কিন্ত সব আশঙ্কা চ্যালেঞ্জকে দূরে সরিয়ে শেষ পর্যন্ত জয়ী হয় বই প্রেমীরা।


















