eaibanglai
Homeএই বাংলায়সালানপুরে বিজেপির অন্দরে ‘আদি বনাম নব্য’ লড়াই, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল​

সালানপুরে বিজেপির অন্দরে ‘আদি বনাম নব্য’ লড়াই, ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল​

সংবাদদাতা,আসানসোলঃ- বিধানসভা নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলেছে, আর তার রেশ ধরে সালানপুর ব্লকের দেন্দুয়া অঞ্চলে প্রকাশ্যে এল বিজেপির গভীর অভ্যন্তরীণ কোন্দল। কাটমানি, অবৈধ কয়লা কারবার এবং জমি দখলকে কেন্দ্র করে স্থানীয় বিজেপি নেতৃত্বের দুই গোষ্ঠী এখন একে অপরের বিরুদ্ধে চরম আক্রমণ শানিয়ে চলেছে।

​সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যার সত্যতা যাচাই করা ফাইনাল এক্সপোজারের পক্ষে সম্ভব হয়নি, যেখানে বিজেপি নেতা দেবব্রত মণ্ডল অপর নেতা কৃষ্ণা বাউরিকে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন। দেবব্রতবাবুর অভিযোগ, তৃণমূল জমানার অভ্যাস অনুযায়ী কৃষ্ণা বাউরি অবৈধ কয়লা কারবারের সঙ্গে যুক্ত ছিলেন। ভিডিওটি ভাইরাল হতেই বিষয়টি নিয়ে অস্বস্তি ছড়িয়েছে গেরুয়া শিবিরে। ​কৃষ্ণা বাউরি এই গোষ্ঠী কোন্দল স্বীকার করে নিয়েছেন। তিনি নিজেকে বিধায়ক অরিজিৎ রায়ের শিবিরের লোক বলে দাবি করে পাল্টা অভিযোগ তুলেছেন অরিজিৎ রায়ের দাদা অভিজিৎ রায়ের শিবিরের বিরুদ্ধে। কৃষ্ণার সাফাই, “২০১৮ সালে তৃণমূলে থাকাকালীন অভাবের তাড়নায় কয়লার কাজ করতাম, কিন্তু বিজেপিতে আসার পর আমি স্বচ্ছ।” উলটে তিনি স্থানীয় নেতা অমর মাহাতোর বিরুদ্ধে শ্রমিকদের ক্ষতিপূরণের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন। ​অন্যদিকে, অমর মাহাতো এই অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, তিনি সর্বদা শ্রমিকদের অধিকারের লড়াই করেছেন। আবার দেবব্রত মণ্ডলের দাবি, যারা তৃণমূল জমানায় ‘হার্মাদগিরি’ করেছে, তারা এখন বিজেপি সেজে তোলাবাজি চালাচ্ছে। যা দল কোনোভাবেই বরদাস্ত করবে না। ​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সালানপুরের এই সংঘাত আসলে ক্ষমতার দখল ও ভাগ-বাঁটোয়ারা নিয়ে ‘আদি বিজেপি’ বনাম ‘নব্য বিজেপি’র অস্তিত্ব রক্ষার লড়াই। এই কাদা ছোঁড়াছুঁড়ি আসন্ন পঞ্চায়েত বা স্থানীয় নির্বাচনে বিজেপির সাংগঠনিক ভিত্তিকে কতটা ক্ষতিগ্রস্ত করবে, এখন সেটাই বড় প্রশ্ন। রাজ্য নেতৃত্ব এই বিতর্ক থামাতে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments