eaibanglai
Homeএই বাংলায়স্মৃতির পাতায় বুলডোজার: ৬০ বছরের ঐতিহ্য ধূলিসাৎ বার্নপুরে​

স্মৃতির পাতায় বুলডোজার: ৬০ বছরের ঐতিহ্য ধূলিসাৎ বার্নপুরে​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: সেল কর্তৃপক্ষের জমি দখলমুক্ত করার অভিযানের কোপে পড়ল বার্ণপুরের প্রায় ৬০ বছরের পুরনো ঐতিহাসিক সিনেমা হল। রবিবার বুলডোজারের প্রচণ্ড আঘাতে যখন প্রেক্ষাগৃহের দেওয়াল ধুলোয় মিশে যাচ্ছিল, তখন সেই দৃশ্যে স্তব্ধ হয়ে পড়লেন এলাকার প্রবীণ বাসিন্দারা। দীর্ঘদিনের অবহেলায় হলটি অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ইটের পর ইটে গেঁথে থাকা হাজারো মানুষের আবেগ আজও অমলিন ছিল।

​ একসময় এই হলটিই ছিল বার্ণপুরবাসীর বিনোদনের প্রাণকেন্দ্র। বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে সিনেমা দেখা বা বন্ধুদের আড্ডার কত যে অমূল্য স্মৃতি জড়িয়ে ছিল এই প্রাঙ্গণে! আজ বুলডোজারের শব্দে সেই সব স্মৃতি যেন ভেঙে চুরমার হয়ে গেল। প্রশাসনের জমি উদ্ধার অভিযানের অংশ হিসেবে গত কয়েকদিন ধরেই আইএসপি এলাকার অবৈধ নির্মাণ ভাঙা হচ্ছে, সেই তালিকায় এবার যুক্ত হলো এই সিনেমা হল।

​ স্থানীয়দের একাংশের কণ্ঠে আজ গভীর বিষাদ। তাঁদের মতে, কেবল ইট-সিমেন্টের কাঠামো ভাঙা হয়নি, নষ্ট করা হয়েছে বার্ণপুরের একটি ঐতিহ্য। বিকল্প কোনো উপায়ে এটিকে সংরক্ষণ করে কমিউনিটি হল বা জনস্বার্থে ব্যবহারের সুযোগ ছিল কি? এই প্রশ্নই এখন এলাকাবাসীর মনে।

উন্নয়নের রথের চাকায় আজ বার্ণপুরের ইতিহাসের এক অধ্যায় চিরতরে মুছে গেল, পেছনে পড়ে রইল শুধুই ফেলে আসা দিনের দীর্ঘশ্বাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments