জীবনকৃষ্ণ চ্যাটার্জ্জী, সালানপুর -: সালানপুরের দেন্দুয়ায় রামদূত কারখানায় শ্রমিকের আঙুল কাটা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিবাদ এখন তুঙ্গে। আহত শ্রমিক গণেশ হাঁসদা এবং আন্দোলনকারী অমর মাহাতোর বিরুদ্ধে বিজেপি নেতা কৃষ্ণা বাউরির ‘কাটমানি’ ও ‘মাতাল’ সংক্রান্ত মন্তব্যের জেরে পরিস্থিতি আইনি লড়াইয়ের রূপ নিয়েছে।
আন্দোলনকারীদের অভিযোগ, গণেশ ও অমরকে মিথ্যা অপবাদ দিয়ে এবং কাটমানি খাওয়ার অভিযোগ তুলে জনসমক্ষে তাঁদের সম্মানহানি করেছেন কৃষ্ণা বাউরি। এর প্রতিবাদে তাঁরা কল্যাণেশ্বরী ফাঁড়িতে নালিশ জানিয়েছেন।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন কৃষ্ণা বাউরি। তাঁর দাবি, আহত শ্রমিকের বাবার মদ্যপ অবস্থা এবং অমর মাহাতোর অহেতুক উৎসাহ থেকেই তিনি এই মন্তব্য করেছেন।
পুলিশ দু’পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করলেও কোনো সুরাহা মেলেনি। দুই পক্ষই এখন আইনের পথে হাঁটার সংকল্পে অটল। কারখানার ক্ষতিপূরণ ঘিরে শুরু হওয়া এই বিবাদ এখন কাটমানি ও মানহানির তর্জায় এক জটিল আকার ধারণ করেছে। পুলিশ গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে।


















