সংবাদদাতা,আসানসোলঃ- ডিউটিরত অবস্থায় মৃত্যু হলো ইস্কোর এক ঠিকা শ্রমিকের। মঙ্গলবার বার্ণপুরের টানেল গেটের কাছে মৃত শ্রমিক নিত্যগোপাল ধীবরের দেহ রেখে পরিবারের লোকজন ও সহকর্মীরা ক্ষতিপূরণ এবং পরিবারের একজনকে চাকরির দাবিতে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান।
পরিবার সূত্রে জানা যায়, নিত্যগোপাল প্রতিদিনের মতো সকালেও ডিউটিতে যোগ দেন। ডিউটিরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন মৃতের আত্মীয়রা।
মৃতের দাদা গোষ্ঠগোপাল ধীবরের অভিযোগ, কর্তৃপক্ষ মৌখিক আশ্বাস দিলেও লিখিতভাবে চাকরির প্রতিশ্রুতি দিতে অস্বীকার করছে। পরিবারের দাবি, ছোট ছোট সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে মৃতের একজনকে চাকরি দিতে হবে এবং অবিলম্বে আর্থিক সাহায্য প্রদান করতে হবে।
অন্যদিকে, ইস্কো কর্তৃপক্ষের দাবি, মৃত শ্রমিক ঠিকা কর্মী হওয়ায় নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার মাধ্যমে পরিবারকে সবরকম সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে চাকরির দাবির বিষয়টি আইনসম্মত কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ উত্তেজনার পর পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।



















