eaibanglai
Homeএই বাংলায়সোলার প্রকল্প ঘিরে বিক্ষোভ, সালানপুরে ডিভিসির ট্রাক ফেরাল গ্রামবাসী

সোলার প্রকল্প ঘিরে বিক্ষোভ, সালানপুরে ডিভিসির ট্রাক ফেরাল গ্রামবাসী

সংবাদদাতা,আসানসোলঃ- ​সিদাবাড়ি গ্রামে ডিভিসি (DVC)-র সোলার প্যানেল প্রকল্প বসানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের তীব্র বিক্ষোভে থমকে গেল কাজ। মঙ্গলবার সন্ধ্যায় প্রকল্পের সরঞ্জামবাহী দুটি বিশালাকার ট্রেলার গ্রামে ঢোকার আগেই পথ আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। শেষমেষ পুলিশি হস্তক্ষেপে ট্রাক দুটিকে ফিরিয়ে দিতে বাধ্য হয় সংশ্লিষ্ট সংস্থা।

​গ্রামবাসীদের অভিযোগ, ২৩০০ কোটি টাকার এই প্রকল্পের বিষয়ে তাঁদের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি। স্থানীয় জলাশয়ে মাছ ধরা, নৌকা চালানো এবং পিকনিকের মরসুমে ছোটখাটো ব্যবসার মাধ্যমে বহু পরিবারের জীবিকা নির্বাহ হয়। প্রকল্পটি রূপায়িত হলে তাঁদের রুজি-রুটি বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া, ডিভিসির সংলগ্ন এলাকায় গ্রামবাসীদের নিজস্ব জমির ভবিষ্যৎ নিয়েও ধোঁয়াশা রয়েছে।

বিক্ষুব্ধ বাসিন্দাদের স্পষ্ট দাবি, ডিভিসি কর্তৃপক্ষকে আগে তাঁদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং প্রতিটি পরিবার থেকে একজনকে প্রকল্পের স্থায়ী চাকরি দিতে হবে। আপাতত কাজ বন্ধ রাখার সিদ্ধান্তে অনড় গ্রামবাসীরা। কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও এলাকায় উত্তেজনা রয়েছে। কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে সকলে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments