নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের ইস্পাত নগরীর নেতাজি ভবনে প্রস্তুতি সভায় একুশে জুলাই থেকে দলীয় কর্মীদের ঘুরে দাঁড়ানোর ডাক দিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। তাঁর স্পষ্ট বার্তা দেশ ও রাজ্যকে বাঁচাতে হলে কংগ্রেস চাই।
এদিনের সভা থেকে শুভঙ্করবাবু কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে বলেন, ২১ জুলাই শহীদ মিনারে খোলা আকাশের নিচেই সভা হবেই। প্রকৃতির প্রতিকূলতা বা অন্য কোনও বাধায় সভা বন্ধ হবে না। যতই ঝড়-বৃষ্টি বা বাধা আসুক, আমরা কেউ সভাস্থল ছেড়ে যাব না। যে জায়গায় সভা স্থল হওয়ার কথা সেখানে আমরা অনেক আগেই আবেদন করেছি আমাদের আবেদন মঞ্জুর হয়েছে। আরো বেশ কিছু রাস্তা রয়েছে যেই রাস্তা হয়ে মিছিল আসবে সেখানেও ১৬৩ ধারা যাতে শিথিল হয় সেই আবেদন করব। কারণ আমাদের সভা হবে কোন রাস্তা বন্ধ না করে।
পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার সংগঠনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন,পশ্চিম বর্ধমান থেকে ৯ হাজার মানুষ চাই। একজনও যাতে কম না হয়, সেটা আপনারাই নিশ্চিত করুন।
তিনি বলেন,”মানুষ আমাদের পাশে রয়েছে মানুষ আমাদের সাথে আসছে। আমাদের লড়াই জোরদার হচ্ছে। বিজেপির কাজের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক প্রতিবাদ চলছে ও চলবে।”
এদিনের সভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় কয়েকশো মানুষ কংগ্রেসে যোগদান করে। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী ও কংগ্রেস নেতৃত্ব।



















