সংবাদদাতা,আসানসোলঃ- গত দুই মাস ধরে বোর্ড মিটিং না হওয়ার কারণে রাজ্য পৌরবিষয়ক মন্ত্রক আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনকে একটি কারণ দর্শানোর নোটিশ পাঠায়। আজ এই বিষয়ে মুখ খোলেন মেয়র বিধান উপাধ্যায়। তিনি জানান, মন্ত্রালয়ের পাঠানো নোটিশের উপযুক্ত জবাব ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। প্রযুক্তিগত কিছু সমস্যার কারণেই বিগত দুই মাস বোর্ড সভার আয়োজন করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। একই সঙ্গে মেয়র স্পষ্ট করে দেন যে, বোর্ড মিটিং না হলেও কর্পোরেশন এলাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হয়নি, বাসিন্দারা কোনোভাবেই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন না।
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে তার সাম্প্রতিক সাক্ষাতের বিষয়টি নিয়েও জল্পনা উস্কে দেন মেয়র। বিধান উপাধ্যায় জানান, নির্বাচন পরবর্তী সময়ে তার বিধানসভা কেন্দ্রে অস্থিরতা তৈরি হয়েছে। তৃণমূল কর্মীদের ঘরছাড়ার ঘটনা এবং স্থানীয় মানুষের সমস্যার কথা তিনি বিধানসভার বিরোধী দলনেতার কাছে তুলে ধরেন।
পাশাপাশি, তিনি জানান যে পুরো বিষয়টি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও অবগত করেছেন। সবশেষে, তিনি নিজের রাজনৈতিক অবস্থান পরিষ্কার করে বলেন, তিনি তৃণমূল কংগ্রেসেই আছেন এবং ভবিষ্যতেও এই দলেই থাকবেন।


















