নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- শুক্রবার সকালে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুর্গাপুরের গান্ধীমোড় এলাকার একটি খাবারের দোকান। যদিও দুর্ঘটনাযর জেরে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অন্যান্য দিনের মতোই এদিন সকালে গান্ধী মোড় সংলগ্ন ল’ কলেজ মোড়ে ওই দোকানে কচুরি ভাজা হচ্ছিল। সেই সময় হঠাৎ করেই কড়াইয়ের তেলে আগুন লেগে যায় এবং সেই আগুন মুহুর্তে সারা দোকানে ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।
খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এবং ফরিদপুর ফাঁড়ির পুলিশ পৌঁছায়। দমকল কর্মীদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে, ফলে আশপাশের দোকানগুলি আগুনের হাত থেকে বেঁচে যায়। তবে ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় খাবার দোকানের আসবাবপত্র থেকে শুরু করে রান্নার সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী।
দোকান মালিক কৃষ্ণ সাহা জানান এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সামগ্রী পুড়ে গেছে। অন্যদিকে এই অগ্নিকাণ্ডের জেরে এদিন সকালে এলাকায় সাময়িক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


















