নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জঙ্গল কেটে গড়ে ওঠা দুর্গাপুর শিল্পাঞ্চলে বর্ষায় সাপের উপদ্রপ নতুন ঘটনা নয়। কিন্তু এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ছড়াল সাপের আতঙ্ক ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে হাসপাতালের বহির্বিভাগের সামনের পাঁচিলের উপর একটি বড় আকারের সাপকে ঘোরাফেরা করতে দেখা যায়। আর সেই দৃশ্য চোখে পড়তেই মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে চাঞ্চল্যছড়িয়ে পড়ে । আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তার পরিজনরা। এমনকি ভীতগ্রস্থ হয়ে পড়েন হাসপাতালের কর্মীরাও।হাসপাতালের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় বিষধর সাপ ঢুকে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়।
হাসপাতালে আসা রোগী ও পরিজনেরা এই ঘটনার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দায়ী করেছেন। তাঁদের অভিযোগ, বর্ষায় হাসপাতাল চত্বর ও আশেপাশের এলাকা ঝোপ জঙ্গলে ভরে উঠলেও তার পরিস্কার করার কোন ব্যবস্থা করা হয়নি। ঘটনায় রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা।
যদিও এদিনের ঘটনার পরই হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে মৌখিকভাবে হাসপাতালের আশপাশের জঙ্গল ও আগাছা দ্রুত পরিষ্কার করার কথা জানানো হয়। পাশাপাশি এই ধরণের ঘটনা যাতে না ঘটে তার জন্য বাড়তি নজরদারিরও আশ্বাস দেওয়া হয়।


















