নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– “জগন্নাথের রথের টানে, দুর্গা আসেন মর্ত্য পানে”। রথের পুণ্য লগ্নে ধর্মীয় রীতি নাতি মন্ত্রোচ্চারণে খুঁটিপুজোর মাধ্যমে সূচনা হয়ে গেল দুর্গাপুরের ‘ইচ্ছে পূরণ’-এর দুর্গাপুজোর সূচনা। ইস্পাত নগরীর ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত এই পুজোয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বন ও পরিবেশমন্ত্রী দিবাকর ঘরামি।
গত টানা চার বছর ধরে দুর্গাপুজো করছে ‘ইচ্ছে পূরণ’। পুজো উদ্যোক্তারা জানান এবারের পুজোয় থাকবে চমক। পুজোর প্যান্ডেল তৈরি হবে অযোধ্যার রাম মন্দিরের আদলে। থাকবে নজরকাড়া স্থাপত্য। দৃষ্টিনন্দন আলোকসজ্জা। আয়োজনেও থাকছে নতুনত্ব।উদ্যোক্তাদের দাবি, এবারের পুজো হবে জেলার অন্যতম আকর্ষণ।
প্রসঙ্গত উল্লেখ্য, এই পুজোর প্রধান উদ্যোক্তা বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই। তাদের পুজো এবার জেলার সেরাদের তালিকায় জায়গা করে নেবে বলে আত্মবিশ্বাসী বিধায়ক। অন্যদিকে এদিন মন্ত্রী দিবাকর ঘরামি বলেন, “এবারের দুর্গাপুজো গোটা রাজ্যেই অন্য মাত্রা পাবে। ক্ষুদিরাম মাঠের এই পুজোও মানুষের মন কাড়বে।”
প্রসঙ্গত রথযাত্রার মধ্য দিয়েই শুরু হয়ে যায় দুর্গাপুজোর কাউন্ট ডাউন। আর হাতে মাত্র তিন মাস। তারপরই বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো।






















