সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোল-রানিগঞ্জ কয়লা খনি অঞ্চলে ধসের সমস্যা দীর্ঘদিনের। অবৈজ্ঞানিক পদ্ধতিতে খনন, অবৈধ খন সহ নানা কারণে খনি সংলগ্ন গ্রামগুলিতে প্রায়ই ফাটল ও ধসের ঘটনা ঘটে। এরকমই ধসের সমস্যার সঙ্গে দীর্ঘদিন ধরে জুঝছে আসানসোলের জামুড়িয়ায় কেন্দা গ্রাম পঞ্চায়েত এলাকা। একাধিকবার খনি দুর্ঘটনা ও জমি ধসের জেরে ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ১৪৪টি পরিবার। অভিযোগ দীর্ঘদিন ধরে এই সমস্যা দেখা দিলেও ইসিএলের তরফে পুনর্বাসনের কোন ব্যবস্থা করা হয়নি।
অবশেষে সোমবার দুটি খোলামুখ খনির উৎপাদন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ করে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। এরপর গ্রামবাসীরা কোলিয়ারি এজেন্টের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। যা নিয়ে এলাকায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ এবং ইসিএলের নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছায়।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার আশ্বাস দেওয়া হলেও পুনর্বাসনের বিষয়ে কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তারা হুঁশিয়ারি দেন, যতক্ষণ না স্পষ্ট সমাধান মিলছে ততক্ষণ খনির কাজ বন্ধ থাকবে।
অন্যদিকে এদিনের ঘটনা নিয়ে ইসিএলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।



















