সৌভিক সিকদার, আউসগ্রাম -: পূর্ব বর্ধমানের আউসগ্রাম-১ নং ব্লকের দিগনগর পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আইনজীবী শ্যামাপ্রসন্ন লোহার-এর সমর্থনে আয়োজিত প্রচার কর্মসূচিগুলি রীতিমতো জনজোয়ারে পরিণত হয়েছে। দলীয় প্রার্থীকে জেতাতে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের স্থানীয় নেতা-কর্মীরা এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ছে রাজনৈতিক মহলের।
প্রার্থী সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন বাড়ি বাড়ি প্রচার ও জনসংযোগের উপর। কর্মীদের সঙ্গে নিয়ে দিগনগরের প্রতিটি গ্রাম, পাড়া এবং অলিতে-গলিতে জনসংযোগ বাড়িয়ে দিয়েছেন। কখনও আদিবাসী পাড়ার প্রবীণদের সাথে কথা বলছেন, কখনও গ্রামের চায়ের দোকানে আড্ডার ফাঁকেই সেরে নিচ্ছেন প্রচার। সাধারণ মানুষের সাথে তার এই সহজ মেলামেশা ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এদিকে প্রচারের সময় মহিলারা তাকে শাঁখ বাজিয়ে এবং উলুধ্বনি দিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন।
শ্যামাপ্রসন্ন লোহারের প্রচারের মূল ভিত্তি হলো দিগনগরে হওয়া তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের নানান জনকল্যাণমূলক প্রকল্পগুলি কীভাবে সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছে সেগুলি তিনি সাধারণ মানুষের কাছে তুলে ধরছেন। প্রচারের সময় এলাকার রাস্তার উন্নয়ন, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ, কৃষকদের জন্য কিষাণ নিধি ইত্যাদি বিষয়গুলি সামনে আনছেন। প্রার্থীর কথায়, “মমতা ব্যানার্জ্জীর উন্নয়নই আমাদের হয়ে কথা বলছে। মানুষের চোখে-মুখে যে উৎসাহ দেখছি, তাতে আমি জয়ের ব্যাপারে ১০০ শতাংশ নিশ্চিত।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এলাকায় তৃণমূলের সংগঠন এবং প্রার্থীর ব্যক্তিগত স্বচ্ছ ভাবমূর্তি তৃণমূলকে অন্যান্য দলের থেকে বর্তমানে অনেকটাই এগিয়ে রেখেছে। দিগনগর অঞ্চলে তৃণমূলের এই জোরালো প্রচার বিরোধী শিবিরে কিছুটা হলেও চাপ তৈরি করেছে।


















