সংবাদদাতা,বাঁকুড়াঃ- বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই জেলায় জেলায় শুরু হয়েছে ধরপাকড়। তোলাবাজি -দুর্নীতির অভিযোগে দলের একাধিক প্রভাবশালী নেতা ও কর্মীর গ্রেপ্তারের ঘটনা ঘটছে। এরই মধ্যে বালিখাদ সহ একাধিক জায়গায় তোলাবাজি, দাদাগিরি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার হলেন বাঁকুড়া জেলার তৃণমূলের দুই নেতা। ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
দীর্ঘদিন ধরে বালিখাদে তোলাবাজি ও বন্দুক নিয়ে দাদাগিরির অভিযোগ উঠছিল কোতুলপুরের মদনমোহনপুর অঞ্চলের উপপ্রধান তথা তৃণমূল নেতা শেখ জাকির আলী ওরফে লিটনের বিরুদ্ধে। অভিযোগ, বালিখাদ এলাকায় প্রভাব খাটিয়ে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করা হত। অবশেষে অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে কোতুলপুর থানার পুলিশ। অন্যদিকে, তোলাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিতকে গ্রেফতার করেছে ইন্দাস থানার পুলিশ। বুধবার দুই নেতাকেই বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়।


















