সংবাদদাতা,বাঁকুড়াঃ- রাজ্যে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের দুর্নীতির অভিযোগ সামনে আসছে। এই আবহে বাঁকুড়ায় বিজেপির অঞ্চল সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অস্বস্তিতে গেরুয়া শিবির।
ঘটনা বাঁকুড়া ২ ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েত এলাকার। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নাম জড়িয়েছে সানবাঁধা অঞ্চলের বিজেপি সভাপতি তাপস ডাঙ্গর এবং সানবাঁধা পঞ্চায়েতের বিজেপি সদস্য গৌতম পাতসার।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়া ২ ব্লকের সানবাঁধা অঞ্চল এলাকায় একটি সরকারি উন্নয়নমূলক প্রকল্পের কাজ করছিলেন এক ঠিকাদার। অভিযোগ, সেই কাজ শুরু করা এবং তা নির্বিঘ্নে শেষ করতে দেওয়ার নাম করে তাঁর ওপর দফায় দফায় চাপ সৃষ্টি করা হতে থাকে। কাজ মসৃণভাবে সম্পন্ন করার শর্ত হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয় বলে অভিযোগ। ওই ঠিকাদার সানবাঁধা অঞ্চলের বিজেপি সভাপতি তাপস ডাঙ্গর এবং পঞ্চায়েত সদস্য গৌতম পাতসা সহ তাঁদের অনুগামীদের হাতে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন বলে দাবি। পরবর্তীকালে এই আর্থিক লেনদেনের বিষয়টি জানাজানি হতেই এলাকায় শোরগোল পড়ে যায়।
সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজের টাকা থেকে কাটমানি আদায়ের অভিযোগ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।


















