সংবাদদাতা,খাতড়া:- বিজেপিতে যোগ দেওয়ার দিন পাঁচেকের মধ্যেই ফের প্রার্থীর হাত ধরে তৃণমূলে ফিরল বুথ সভাপতি সহ ২১টি পরিবার। ঘটনা বাঁকুড়ার তালডাংরা বিধানসভার বিক্রমপুর অঞ্চলের ২২২ নম্বর আসনবনি বুথের।
তৃণমূলে ফেরা আসনবনি বুথের সভাপতি সোমনাথ লোহার এদিন দাবি করেন, দলীয় নেতৃত্বের সাথে মনমালিন্য এবং বিজেপির প্ররোচনায় প্রভাবিত হয়েই তারা বিজেপিতে গিয়েছিলেন।
এদিকে বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সদস্য আলোক মহান্তি এই দলে ফেরা নিয়ে বলেন, “বিজেপি শাসিত রাজ্যের এবং মোদীর উন্নয়ন মূলক কার্যকলাপ দেখে ভালোবেসে বিজেপিতে এসেছিলেন তারা। কিন্তু তৃণমূল সন্ত্রাস দেখিয়ে জোরপূর্বক তৃণমূলে যোগ দান করিয়েছে। তবে তাদের ভোট বিজেপিতেই পড়বে।”
যদিও তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু বলেন,”দল ছাড়ার দু’দিন পরেই ওই বুথ সভাপতি সহ অন্যান্যরা আমাকে ফোন করে দলে ফেরার কথা বলে । আমি বলেছিলাম যেদিন ওই গ্রামে প্রচারে যাবো, সেদিন যোগ দেবে। তাই এদিন নিজের ভূল বুঝতে পেরে তাদের নিজেদের ঘর, তৃণমূলে ফিরে এসেছে।”
অন্যদিকে এই দলবদল ঘিরে এদিন উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয় এলাকায়। ফের তৃণমূলে যোগ দিয়ে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েন দলে ফেরারা। প্রার্থী ফাল্গুনী সিংহবাবুকে নিয়ে বাজনার তালে নাচতে নাচতে গ্রামে প্রচার কর্মসূচি সারেন সকলে।


















