সৌভিক সিকদার, বোলপুর -: পথ নিরাপত্তা শুধু নিয়ম নয়, বরং জীবনের গ্যারান্টি—এই বার্তাকে সামনে রেখে শুক্রবার বীরভূম জেলা পুলিশের উদ্যোগে বোলপুরের চিত্রা মোড়ে পালিত হলো এক অভিনব সচেতনতামূলক কর্মসূচি। এদিনের অভিযানে পুলিশকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। যেখানে অপরাধের জন্য জরিমানা নয়, বরং সচেতনতার জন্য দেওয়া হলো উপহার।
কর্মসূচি চলাকালীন দেখা যায়, বহু বাইক আরোহী হেলমেট ছাড়াই যাতায়াত করছেন। পুলিশ তাদের আটকে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার বদলে অত্যন্ত সৌজন্যের সাথে ট্রাফিক আইনের গুরুত্ব বুঝিয়ে বলেন। চমকপ্রদভাবে, হেলমেটহীন চালকদের হাতে পুলিশের পক্ষ থেকে নতুন হেলমেট তুলে দেওয়া হয়।
পুলিশের এই মানবিক উদ্যোগে অভিভূত সাধারণ মানুষ। উপহার পাওয়া জনৈক আরোহী জানান, “পুলিশের এই ভালোবাসা আমাকে সবসময় হেলমেট পরতে উদ্বুদ্ধ করবে।” বোলপুরের বাসিন্দারা প্রশাসনের এই ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে সাধুবাদ জানিয়েছেন। বীরভূম পুলিশের এই প্রয়াস প্রমাণ করল যে, সচেতনতাই পারে সড়ক দুর্ঘটনার হার কমাতে।


















