নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ফুটবল বিশ্বকাপ নিয়ে উন্মাদনা চলছে বিশ্বজুড়ে। এবার মেসির পায়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মেসি তথা আর্জেন্টিনা সমর্থকরা। সেমিফাইনালের উত্তেজনা যখন তুঙ্গে, তখন নিজের প্রিয় ফুটবলারের প্রতি ভালোবাসা উজাড় করে দিয়ে নজির গড়লেন দুর্গাপুরের মিষ্টি ব্যবসায়ী। মিষ্টিতেই রূপ পেল আস্ত মেসি।
মিষ্টি তৈরির নানা উপকরণ ব্যবহার করে মেসির জীবন্ত প্রতিকৃতি গড়ে তুলেছেন দুর্গাপুরের মামড়া বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশীষ ঘোষ। দেড় কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার দিয়ে তৈরি হয়েছে এই অনন্য শিল্পকর্ম। মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল থেকে শুরু করে জার্সির রঙ প্রতিটি খুঁটিনাটিতে রয়েছে নিখুঁত কারুকার্য। একঝলক দেখলে মনে হবে, যেন মিষ্টির শরীরে প্রাণ পেয়েছেন ফুটবল সম্রাট।
তাঁর তৈরি এই শিল্প কর্ম অর্থাৎ মিষ্টির মেসি এখন হয়ে উঠেছে শহরের অন্যতম আকর্ষণ। খবর ছড়িয়ে পড়তেই মামড়া বাজারে ভিড় জমাতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। কেউ মোবাইলে ছবি তুলছেন, কেউ সেলফি তুলছেন, কেউ রিল বানাচ্ছেন, আবার কেউ উচ্ছ্বাসে গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছেন,মেসি মেসি।
দেবাশীষবাবু জানান তিনি ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের অন্ধভক্ত। আর লিওনেল মেসি তাঁর কাছে শুধুই একজন ফুটবলার নন, তিনি আবেগ, ভালোবাসা আর এক অসমাপ্ত স্বপ্নের নাম। সেই স্বপ্ন পূরণের আশায় বিশ্বকাপের সেমিফাইনালের আগেই তিনি মিষ্টির মাধ্যমে শ্রদ্ধা জানালেন তাঁর প্রিয় তারকাকে।
এখন দেবাশীষবাবু সহ মেসি ভক্তদের একটাই প্রার্থনা, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠুক। বিশ্বকাপ জিতে মেসি ইতিহাস তৈরি করুন।

















