নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মুখ্যমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করার পর দক্ষিণবঙ্গের প্রথম প্রশাসনিক বৈঠক করতে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরে পৌছলেন শুভেন্দু অধিকারী। তাঁর আগমন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি ছিল চোখে পড়ার মতো। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। সৃজনী চত্বরে ছিল কড়া নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা।
এদিন অন্ডাল বিমানবন্দরে নেমে সড়কপথে দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে দুই বিধায়ককে সঙ্গে নিয়ে খোলা গাড়িতে র্যালি করে তিনি সৃজনী অডিটরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন এবং সেখানে প্রশাসনিক বৈঠকে যোগ দেন।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, জেলার উন্নয়নমূলক প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প ও পরিকাঠামো উন্নয়ন, গ্রামীণ পরিষেবা এবং সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এদিনের প্রশাসনিক বৈঠকে। যেখানে যোগ দিয়েছেন পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানের পুলিশ ও প্রশাসনের সমস্ত উচ্চাপদস্থ আধিকারিকরা। পাশাপাশি রয়েছেন পাঁচ জেলার নবনির্বাচিত বিধায়ক এবং রাজ্য মন্ত্রিসভার কয়েকজন সদস্যও।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর হওয়ার পর এই প্রথমবার দুর্গাপুরে এলেন শুভেন্দু অধিকারী। তাঁর এদিনের আগমন ঘিরে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। গরম ও তীব্র দাবদাহ উপেক্ষা করে রাস্তার ধারে ভীড় করে মানুষজনকে অপেক্ষা করতে দেখা যায়। মুখ্যমন্ত্রী গাড়ি সিটিসেন্টার চত্বরে পৌঁছতেই ‘জয় শ্রী রাম’ ধ্বনীতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।

















