নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- তৃণমূলের কোর কমিটির মদতে স্থানীয় শ্রমিকদের বের করে বহিরাগতদের নিয়োগ করার বিস্ফোরক অভিযোগ তুলে শুক্রবার দুর্গাপুরের নামো সগড়ভাঙা এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভে সামিল হলেন অস্থায়ী শ্রমিকরা।
বছরখানেক আগে শিল্পাঞ্চলে বিভিন্ন কলকারখানায় শ্রমিক নিয়োগ সহ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠায় কোর কমিটি গঠন করে তৃণমূল নেতৃত্ব। এবং তৎকালীন তৃণমূল শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও অভিযোগের সমাধানের দায়িত্ব দেওয়া হয়। এবার সেই কোর কমিটির বিরুদ্ধেই বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন শ্রমিকরা।
অভিযোগ, দীর্ঘদিন ধরে কারখানায় কর্মরত বহু স্থানীয় শ্রমিকের কার্ড বন্ধ করে দিয়ে বহিরাগতদের কাজে নিয়োগ করা হয়েছে। বিষয়টি একাধিকবার তৎকালীন তৃণমূল নেতৃত্ব এবং কোর কমিটির সদস্যদের জানানো হলেও কোনও সুরাহা মেলেনি। উল্টে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশ করে স্থানীয় শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে। ফলে এলাকার বহু শ্রমিক কাজ হারিয়ে চরম আর্থিক সংকটের মুখে পড়েছেন।
এদিন এক বিক্ষোভকারী বলেন, “প্রায় ২০ বছর ধরে এই কারখানায় কাজ করেছি। ২০২৫ সালে হঠাৎ করেই আমার কার্ড বন্ধ করে দেওয়া হয়। একাধিকবার কাজে পুনর্বহালের দাবি জানিয়েছি। কিন্তু কোনও সাড়া মেলেনি। এলাকার বহু শ্রমিক একইভাবে বঞ্চিত হয়েছেন। বহিরাগতদের এনে কাজে নিয়োগ করা হয়েছে।”
এদিন বঞ্চিত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেশ কিছু সময়ের জন্য কারখানার কাজ ব্যাহত হয়। তাদের দাবি পূরণ তথা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানিয়ে দেন বিক্ষোভরত শ্রমিকরা।

















