নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই হয়ে গেল বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সমস্ত জিনিস। ঘটনা দুর্গাপুরের কুরুরিয়া ডাঙা এলাকার।
গতকাল রাতে কুরুরিয়া ডাঙা এলাকার বাসিন্দা পরিমল হালদারের বাড়িতে হঠাৎই আগুন লাগে। প্রথমে ঘরের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই টালির চালের ফাঁক দিয়ে আগুনের শিখা বের হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্রথমে এলাকার বাসিন্দারাই আগুন নেভানোর কাজে হাত লাগান। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী ও এলাকাবাসীদের যৌথ প্রচেষ্টায় কয়েক ঘণ্টায়
আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে ততক্ষণে আগুনে ঘরের আসবাবপত্র, জামাকাপড় ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায় । তবে আগুন লাগার সময় বাড়ির ভিতরে কেউ না থাকায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান জ্বলন্ত ধূপকাঠি বা প্রদীপ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।


















