eaibanglai
Homeএই বাংলায়শিল্পাঞ্চলে ‘ভূমিপুত্র’ নীতিতে শান: কড়া বার্তা তৃণমূল নেত্রীর

শিল্পাঞ্চলে ‘ভূমিপুত্র’ নীতিতে শান: কড়া বার্তা তৃণমূল নেত্রীর

সংবাদদাতা,দুর্গাপুরঃ- বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শিল্পাঞ্চলের আবেগ ও কর্মসংস্থানের ইস্যুকে উসকে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জ্জী। সোমবার দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানের জনসভা থেকে শিল্পসংস্থাগুলিকে মমতার স্পষ্ট বার্তা, “শিল্পাঞ্চলের কারখানায় নিয়োগের ক্ষেত্রে ঘরের ছেলেদেরই অগ্রাধিকার দিতে হবে। বহিরাগতদের এনে স্থানীয়দের বঞ্চিত করার কোনো প্রচেষ্টা রাজ্য সরকার বরদাস্ত করবেনা।” অভিযোগ, শিল্পাঞ্চলের বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থানীয় যুবক-যুবতীদের পরিবর্তে ভিন রাজ্যের প্রার্থীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। এদিন সেই ক্ষোভের আগুনেই কার্যত ঘি ঢাললেন মমতা। তিনি বলেন, “এখানকার কারখানায় কাজ পাবে ভূমিপুত্ররা।” কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করে তিনি জানান, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং স্থানীয় মেধাকে গুরুত্ব দিতে হবে। নাম না করে ​বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, “বাইরে থেকে লোক এনে এখানকার মানুষের রুটিরুজি কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে। আমরা তা রুখে দেব।”

এই সভা মূলত ছিল দুর্গাপুর পূর্ব কেন্দ্রের প্রার্থী প্রদীপ মজুমদার এবং পশ্চিমের প্রার্থী কবি দত্তের সমর্থনে। এই দুই প্রার্থীকে জয়ী করার জন্য দলনেত্রী ভোটারদের কাছে আবেদন জানান। তিনি বলেন, “দুর্গাপুরের উন্নয়ন মানে এখানকার মানুষের উন্নয়ন। আর সেই উন্নয়নের চাবিকাঠি হল কাজের সুযোগ।” সভাশেষে শিল্পাঞ্চলের মানুষের উদ্দেশ্যে তার আবেদন ছিল, “আপনারা লড়াই করুন, সরকার আপনাদের পাশে আছে। এই মাটি আপনাদের, এই কাজও আপনাদেরই।”

এদিনের জনসভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। সভা থেকে তৃণমূল নেত্রী একদিকে যেমন উন্নয়নের খতিয়ান তুলে ধরেন, অন্যদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও যুবশক্তির আবেগকে ছুঁয়ে রাজনৈতিক সমীকরণ স্পষ্ট করে দিলেন। রাজনৈতিক মহলের মতে, স্থানীয়দের কর্মসংস্থানের এই ‘আশ্বাস’ আসন্ন নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments