eaibanglai
Homeএই বাংলায়মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার দুর্গাপুরে শুভেন্দু অধিকারী

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম দুর্গাপুরে আসছেন শুভেন্দু অধিকারী। সরকার পরিবর্তনের পর দুর্গাপুরে দক্ষিণবঙ্গের প্রথম প্রশাসনিক বৈঠক করতে চলেছেন তিনি। যেখানে উপস্থিত থাকবেন দক্ষিণবঙ্গের পাঁচ জেলার (বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান) জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপার, মহকুমা শাসক, বিডিও সহ গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরা। থাকবেন পাঁচ জেলার বিধায়করা ও সাংসদরাও।

সিটিসেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হবে এই প্রশাসনিক বৈঠক। তাই সেজে উঠছে সৃজনী প্রেক্ষাগৃহ। মুখ্যমন্ত্রীর বৈঠকের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সৃজনী হল ও সংলগ্ন এলাকায়। লাগানো হয়েছে একাধিক সিসিটিভি ক্য়ামেরা।

এদিকে মুখ্যমন্ত্রীর আগমনের আগে মহকুমা শাসক অতিরিক্ত জেলাশাসক ও জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলাশাসক পন্নামবলাম এস। তিনি জানান,দুপুর দুটো থেকে বিকেল প্রায় চারটে পর্যন্ত প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। তার পরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে কলকাতায় ফিরে যাবেন মুখ্যমন্ত্রী।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর শহরে আগমন ঘিরে রীতিমতো উৎসাহিত বিজেপির নেতা কর্মী সমর্থকরা। তাঁকে স্বাগত জানানোর জন্য গান্ধী মোড়, ডিএমসি মোড়ে তোরণ করা হয়েছে। রাস্তার ধারে লাগানো হয়েছে মুখ্যমন্ত্রীর ছবি। মুখ্যমন্ত্রী কী বার্তা দেবেন তা শোনার অপেক্ষায় রয়েছেন সকলে।

জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশ পথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দুপুর একটা থেকে দেড়টার মধ্যে পৌঁছাবেন। তারপর সেখান থেকে সড়কপথে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।

অন্যদিকে জ্বালানি তেলের সংকটের পরিস্থিতিতে এই প্রশাসনিক বৈঠকে যোগ দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন প্রশাসনিক কর্তারা। প্রত্যেকে আলাদা আলাদা সরকারি গাড়ি নিয়ে গেলে বিপুল পরিমাণ জ্বালানি খরচ হবে। তাই জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা বৈঠকে সিদ্ধান্ত নেন, আলাদা গাড়ির বদলে সবাই একসঙ্গে একটি বাসেই দুর্গাপুরে যাবেন। সেই মতো এদিন বিভিন্ন জেলা থেকে বাসে করে প্রশাসনিক আধিকারিকরা দুর্গাপুরে পৌঁছন মুখ্যমন্ত্রীর বৈঠকে যোগ দিতে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments