সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- বিজেপি নেতার সঙ্গে দেখা করতে গিয়ে দুর্গাপুরে গ্রেফতার হলেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর তথা ব্লক সভাপতি রাজীব ঘোষ। বৃহস্পতিবার তাকে আদালতে পেশ করে পুলিশ।
জানা গেছে, বুধবার রাত গোপনে দুর্গাপুরের তানসেন মার্কেটে বিজেপির কনভেনার সন্তোষ মুখোপাধ্যায়ের সাথে দেখা করতে যান তৃণমূলের ১ নম্বর ব্লকের সভাপতি রাজীব ঘোষ। বিজেপি কর্মীরা তার উপস্থিতির কথা জানতে পেরে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে। এরপরই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ভোট পরবর্তী হিংসার পুরনো মামলা ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়।
বিজেপির দুই নেতা দিব্যেন্দু রায় ও স্বর্ণেন্দু হালদারের অভিযোগ করেন, রাজীব ঘোষ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, রাজনৈতিক প্রতিহিংসা, বিজেপি কর্মীদের হুমকি এবং টাকা তোলার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের দাবি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর বহু বিজেপি সমর্থক আক্রান্ত ও ঘরছাড়া হন এবং সেই ঘটনাগুলিতে রাজীব ঘোষ যুক্ত ছিলেন।
বিজেপির স্থানীয় নেতৃত্বের বক্তব্য, পরিস্থিতির পরিবর্তন বুঝে রাজীব ঘোষ বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন। তবে বিজেপি স্পষ্ট জানিয়েছে, তাকে দলে নেওয়ার প্রশ্নই নেই।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে ধৃত তৃণমূল কংগ্রেসের নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার সময় বিজেপির কর্মী ও সমর্থকেরা তার উদ্দেশ্যে ” চোর চোর ” স্লোগান দিতে থাকেন। যাকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে ।


















