eaibanglai
Homeএই বাংলায়গুসকরায় রক্তদান শিবিরে বিষাদের ছায়া, যুবকের মৃত্যুতে শোক

গুসকরায় রক্তদান শিবিরে বিষাদের ছায়া, যুবকের মৃত্যুতে শোক

জ্যোতি প্রকাশ মুখার্জ্জী, গুসকরা -: গ্রীষ্মকালীন রক্তের চরম সংকট মোকাবিলায় অভিনব উদ্যোগ নিল গুসকরা বিষাণ অ্যাথলেটিক ক্লাব। রবিবার, গুসকরা আপন ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় আয়োজিত এক স্বেচ্ছায় রক্তদান শিবিরে ৩০ জন রক্তদাতা এগিয়ে আসেন। যার মধ্যে ৪ জন মহিলা ও ১১ জন প্রথমবার রক্তদান করে নজির গড়েন।

তবে এই মহতী উদ্যোগের মাঝেই নেমে আসে গভীর শোকের ছায়া। ​কল্যাণপুর থেকে রক্তদান করতে আসার প্রস্তুতি নেওয়ার সময় ৩২ বছর বয়সী যুবক আনসাদ খান হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত গুসকরা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা এলাকা ও রক্তদান শিবির। শোকার্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তৃণমূলের শহর সভাপতি মল্লিকা চোঙদার এবং পুরপ্রধান কুশল মুখার্জ্জী।

রক্তদাতাদের উৎসাহ দেওয়ার জন্য ​শিবিরে উপস্থিত ছিলেন বিষাণ অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক সৌগত গুপ্ত, সভাপতি বিশ্বনাথ গাঙ্গুলী এবং আপন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিশির কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তি। উদ্যোক্তারা ক্যামরি ব্লাড সেন্টারের কর্মী ও রক্তদাতাদের কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সাধারণ মানুষকে এই গ্রীষ্মে আরও বেশি করে রক্তদান শিবির করার আহ্বান জানান। শোকাতুর পরিবেশের মধ্যেই সংগৃহীত রক্ত মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে পাঠিয়ে দেওয়া হয়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments