সংবাদদাতা,বাঁকুড়াঃ- এই তীব্র গরমে হঠাৎ করে পোকার আক্রমণ দেখা দিয়েছে বাঁকুড়ার ইন্দাস ব্লকের গোবিন্দপুর, শিমুলিয়া, ঠাকুররাণী পুষ্করীনি, দশরথবাটি-সহ একাধিক গ্রামের ধানের ক্ষেতগুলিতে। ধানের গাছের গোড়া ও শিষে পোকা বাসা বাঁধায় ধীরে ধীরে ফসল দুর্বল হয়ে পড়ছে। মাঠের পর মাঠ ধান কোথাও শুকিয়ে যাচ্ছে, আবার কোথাও ধানের শিষ নষ্ট হয়ে পড়ছে। জমিতে বারবার ওষুধ ছিটিয়েও কোন সুরাহা মিলছে না। দিন যত যাচ্ছে, ততই বাড়ছে ক্ষতির আশঙ্কা।
এরফলে এলাকার কৃষকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কৃষকদের অভিযোগ, এত খরচ করে চাষ করার পর যদি এইভাবে ধান নষ্ট হয়ে যায়, তাহলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। কৃষকরা জানান সার, কীটনাশক, বীজের জন্য ঋণ নিয়ে ধান চাষ করেছিলেন তারা। কিন্তু পোকার উপদ্রবে এখন রাতের ঘুম উড়ে গেছে তাদের।
স্থানীয় সূত্রে খবর, শুধু গোবিন্দপুর বা শিমুলিয়া নয়, আশপাশের আরও বেশ কিছু এলাকাতেও একই সমস্যা দেখা দিয়েছে। বাঁকুড়া জেলায় ধান অন্যতম প্রধান ফসল হওয়ায় এই ধরনের পোকার আক্রমণ কৃষকদের বড় আর্থিক সংকটের মুখে ঠেলে দিতে পারে। আতঙ্কে ও আশঙ্কার দোলাচালে এখন দিন কাটছে ইন্দাস ব্লকের ধান চাষীরা।


















