নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:– গত ১৪ জুলাই থেকে রাজ্যে শুরু হয়েছে অরণ্য সপ্তাহ, চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত। অরণ্য সপ্তেহের সূচণায় পরিবেশ রক্ষা ও বনাঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্যে এবছর রাজ্যে ১০ কোটি গাছ লাগানো বা বৃক্ষরোপণ অভিযানের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সেই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রথযাত্রার সকালে কাঁকসার গড় জঙ্গলে অনুষ্ঠিত হল অরণ্য সপ্তাহ কর্মসূচি। এদিন খুদে পড়ুয়াদের নিয়ে সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন বার্তা দেওয়া হয়। পরে উপস্থিত অতিথি ও প্রশাসনিক আধিকারিকরা বৃক্ষরোপণ করেন এবং সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসির বিধায়ক রাজু পাত্র, বর্ধমান বন বিভাগের বিভাগীয় বনাধিকারিক সঞ্চিতা শর্মা, কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত, দুর্গাপুর রেঞ্জের রেঞ্জার তপব্রত রায়, শিবপুর বিট অফিসার পিনাকী ভট্টাচার্য-সহ বন বিভাগ ও প্রশাসনের একাধিক আধিকারিক।
বিধায়ক রাজু পাত্র বলেন, “রাজ্য সরকার বনদপ্তরের কাজের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিবেশ রক্ষায় বনদপ্তরের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ বাঁচাতে শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।”
বনাধিকারিক সঞ্চিতা শর্মা বলেন, “আমাদের এবারের লক্ষ্য সাড়ে সাত লক্ষ বৃক্ষরোপণ। সেই লক্ষ্য নিয়েই বনমহোৎসব কর্মসূচি চলছে। শুধু গাছ লাগানো নয়, প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণের জন্য বন বিভাগের কর্মীরা নিয়মিত নজরদারি চালাবেন।”
প্রসঙ্গত অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচির লক্ষ্য পূরণে প্রশাসনকে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের অন্যতম উৎসব রথযাত্রাকে কেন্দ্র করে তথ্য ও সংস্কৃতি দফতর যে ৭০টি বড় মেলাপ্রাঙ্গণে সরকারি পরিষেবা শিবিরের আয়োজন করেছে, সেখান থেকে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ফলের চারাগাছ বিতরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও সরকারি উদ্যোগের পাশাপাশি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মতো বড় রাষ্ট্রায়ত্ত সংস্থাও এ বছর রাজ্যে ১০ লক্ষ গাছ লাগানোর অঙ্গীকার করেছে।



















