সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- আসানসোলের সালানপুরে ইসিএলের হাইড্রা গাড়ির ধাক্কায় এক সাইকেল আরোহীর মৃত্যুর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। দুর্ঘটনার পর ক্ষিপ্ত জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রেখে বিক্ষোভ শুরু করে।
জানা গেছে, মৃতের নাম মঙ্গল বাউরি (৩৬)। তিনি সালানপুর থানার জেমারি গ্রামের বাসিন্দা। তবে তিনি ঘর জামাই হিসেবে ফুলবেরিয়া গ্রামেই বসবাস করতেন এবং স্থানীয় একটি বেসরকারি কারখানায় কাজ করতেন। তার পরিবারে স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন প্রতিদিনের মত এদিন সকালে সাইকেলে করে কাজে যাচ্ছিলেন মঙ্গল। সেই সময় মাঝ রাস্তায় তার সাইকেলটি খারাপ হলে ফুলবেড়িয়া বাড়ির দিকে তিনি ফিরে আসছিলেন । সেই সময় ট্রান্সপোর্টিং রোড ফুলবেড়িয়া হনুমান মন্দিরের কাছে একটি ইসিএলের হাইড্রা গাড়ি তাকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনার পরই গাড়ির চালক এলাকা ছেড়ে চম্পট দেয়।
অন্যিদকে বিষয়টি নজরে আসতে ছুটে যান স্থানীয়রা এবং মৃতদেহ রাস্তায় রেখে ঘাতক গাড়ি আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা। স্থানীয়দের অভিযোগ এর আগেও ওই এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। ইসিএলের গাফিলতি ও নিরাপত্তার অভাবের কারণেই একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে দাবি এলাকাবাসীর।
অন্যদিকে, বিজেপি নেতা অভিজিৎ রায় জানান, পুলিশের উপস্থিতিতে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে ক্ষতিপূরণ নিয়ে আলোচনা করা হচ্ছে। যদিও ইসিএলের তরফে এই পুরো ঘটনায় কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

















