eaibanglai
Homeএই বাংলায়মৃত্যুফাঁদ সামডি পোস্ট অফিস: আতঙ্কে কর্মী ও এলাকাবাসী​

মৃত্যুফাঁদ সামডি পোস্ট অফিস: আতঙ্কে কর্মী ও এলাকাবাসী​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, সালানপুর -: পরিষেবা দেওয়ার বদলে এখন নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই দায় হয়ে দাঁড়িয়েছে সালানপুর ব্লকের সামডি পোস্ট অফিসের। ইসিএল (ECL)-এর মালিকানাধীন এই আবাসনটি বর্তমানে আক্ষরিক অর্থেই এক ‘মৃত্যুফাঁদে’ পরিণত হয়েছে। ছাদ থেকে খসে পড়ছে কংক্রিটের চাঙড়, দরজা-জানলার কঙ্কালসার দশা, চারপাশ ঘন জঙ্গলে ঢাকা- এমনই রূঢ় বাস্তবতায় প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মীরা।

​ দীর্ঘদিন ধরে এই বিপজ্জনক পরিস্থিতি চললেও নির্বিকার কর্তৃপক্ষ। পোস্ট অফিস কর্মীরা জানিয়েছেন, বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ইসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকদের জানানো হয়েছে। কিন্তু বারবার দরবার করেও মেলেনি কোনো সুরাহা।

চোর-ডাকাত বা বিষাক্ত সরীসৃপের অবাধ বিচরণক্ষেত্র হয়ে ওঠা এই ভবনে যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়দের প্রশ্ন, “কারোর প্রাণ গেলে কি তবে প্রশাসনের টনক নড়বে?” অবিলম্বে এই বিপজ্জনক ভবনটি সংস্কারের দাবিতে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সামডি এলাকায়।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments