নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে পট পরিবর্তনের আবহে সংগঠনকে মজবুত করতে তৎপরতা শুরু করেছে ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ’ (আরএসএস) প্রভাবিত শিক্ষক সংগঠন ‘এবিআরএসএম’ বা ‘অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘ’। সেই কর্মসূচির অন্তর্গত রবিবার দুর্গাপুর মহকুমার প্রায় ৪০০ জন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হল সগরভাঙ্গা হাই স্কুলে।
শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক চঞ্চল রুইদাস এদিন জানান, এতদিন এই শিক্ষক সংগঠনের জেলা ও কিছু চক্রের কমিটি ছিল। এবার ব্লক কমিটি, ক্লাস্টার কমিটি গঠনের তোড়জোড় শুরু হয়েছে। তার আগে শুরু হয়েছে সংগঠনের সদস্য সংগ্রহ অভিযান। বৈঠকে সদস্য সংগ্রহের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এবছরে প্রায় ২০০০ সদস্য করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কীভাবে জেলায় সংগঠনের বিস্তার ঘটানো হবে, তা নিয়েও এই বৈঠকে আলোচনা হয়। এছাড়াও এদিনের সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয় বিগত শাসক দলের কোনো দাগি শিক্ষককে সদস্যপদ দেওয়া হবে না ।
এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সংগঠণের রাজ্য বরিষ্ঠ সহ সভাপতি শান্তনু মুখার্জী, রাজ্য সম্পাদক কৌশিক সরকার, জেলা সভাপতি মহেশ পাঠক,সম্পাদক চঞ্চল রুইদাস, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মধ্যবঙ্গ প্রান্ত সহ কার্যবাহ অচ্যুত হাজরা, বিশিষ্ট শিক্ষক তপন মণ্ডল সহ বিশিষ্ট জনেরা।
প্রসঙ্গত উল্লেখ্য, সংগঠনের ধ্যেয় বাক্য ‘রাষ্ট্র হিতে শিক্ষা’, ‘শিক্ষা হিতে শিক্ষক’, ‘শিক্ষক হিতে সমাজ’স, আর লক্ষ্য- জাতীয় শিক্ষা নীতি লাগু, পাঠ্যক্রমে মূল্যবোধ ও নীতি শিক্ষা অন্তর্ভুক্তি। এছাড়াও শিক্ষক নিয়োগ, স্বচ্ছ বদলি নীতি ও কেন্দ্রের ন্যায় বেতন কাঠামো প্রবর্তন।


















