নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- রাজ্যে ভোট মিটলেও ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে বার বার। যদিও হিংসা রুখতে দলীয় কর্মীদের সতর্ক করার পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিজেপি নেতৃত্ব। এই আবহে হিংসা রুখতে ১৫ মিনিটে গ্রেফতারের হুঁশিয়ারি দিলেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
প্রসঙ্গত শনিবার রাতে দুর্গাপুরের ইস্পাত নগরীতে কালী পূজার অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি বিধায়ক। সেখান থেকেই ভোট পরবর্তী হিংসা নিয়ে নিজের দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে রীতিমতো হুঁশিয়ারি দেন বিধায়ক। তিনি বলেন, “ক্ষমতার দাপট দেখিয়ে কেউ অন্যায় করলে কোনওভাবেই রেয়াত করা হবে না। অতীতে তৃণমূলের বহু নেতা সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার ও দুর্নীতির অভিযোগে জেলে গিয়েছেন, তাই বিজেপির ক্ষেত্রেও অন্যায় বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “অনেকে ক্লাবের নাম করে চালাকি করছে, ফুল-মিষ্টি নিয়ে আমার বাড়িতে আসছে, ছবি তুলছে। কিন্তু কেউ যদি মানুষের সঙ্গে অন্যায় করে, তাহলে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি বিধায়ক হয়ে বলে গেলাম, ভারতীয় জনতা পার্টির কোনও কর্মী-সমর্থক যদি অত্যাচার সংঘটিত করে বা তাদের আচরণে কেউ রুষ্ট হন, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। ১৫ মিনিটের মধ্যে তাকে গ্রেপ্তার করানোর দায়িত্ব আমার।”
এদিকে মা কালীর সামনে দাঁড়িয়ে বিজেপি বিধায়কের এই হুঁশিয়ারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা।

















