নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে বিজেপি নেতার উপর হামলার ঘটনায় চাঞ্চল্য । ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি বিরোধীদের।
আক্রান্ত বিজেপি নেতা ভোলা সাও বিজেপির পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদকের দায়িত্বে রয়েছেন। স্থানীয় সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার রাত প্রায় ১১টার দিকে ভোলা সাও ভিরঙ্গি এলাকার লাইন হোটেলে বসে খাওয়া দাওয়া করছিলেন, তখন আচমকাই কিছু অজ্ঞাতপরিচয় যুবক তার উপর হামলা চালায়। তাকে লাঠি দিয়ে নির্মমভাবে পেটানো হয় বলে অভিযোগ। গুরুতর আহত ভোলা সাওকে আশঙ্কাজনক অবস্থায় গান্ধী মোড়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় ও জিজ্ঞাসাবাদের জন্য জড়িত দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।
এই ঘটনা নিয়ে শহরে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিরোধী ও সাধারণ মানুষের দাবি, হামলাকারীরা বিজেপি সমর্থক ছিল এবং গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ওই হামলা হয়েছে।
অন্যদিকে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই দলীয় কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন বন্ধু বান্ধবদের মধ্যে মনোমালিন্য কথা কাটাকাটির জেরে ওই ঘটনা ঘটেছে। এটা কোন বড় বিষয় নয়। খবর পেয়েছি সব মিটমাট হয়ে গেছে।
অন্যদিকে পুলিশ জানিয়েছে ঘটনায় কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।


















