নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অঙ্গদপুর রাতুরিয়া শিল্পতালুকে ২০০০ সালে মহাদেও প্রসাদ আগরওয়ালের হাত ধরে পথ চলা শুরু করেছিল আধুনিক গ্রুপ। গত প্রায় ২৬ বছরে বেসরকারি লৌই ইস্পাত ক্ষেত্রে বিশেষ জায়গা করে নিয়েছে আধুনিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। শুক্রবার সেই মহাদেব প্রসাদের শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে নতুন করে এই উদ্যোগকে আগামী দিনে আরও বিস্তার ও এগিয়ে নিয়ে যাওয়ার কথা জানালেন আধুনিক গ্রুপ কর্তৃপক্ষ।
এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। এদিনের অনুষ্ঠানে কারখানার প্রতিষ্ঠাতা মহাদেও প্রসাদ আগরওয়ালের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত বিশিষ্টজনেরা। এছাড়াও অনুষ্ঠানে কারখানার কর্মচারীদের মধ্যে খাবারের প্যাকেট বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আধুনিকগ্রুপের যুগল কিশোর আগরওয়াল, ঘনশ্যাম দাস আগরওয়াল, সোহন লাল আগরওয়াল, মহেশ কুমার আগরওয়াল, মনোজ কুমার আগরওয়াল এবং পরিবারের অন্যান্য সদস্যরা। কর্তৃপক্ষ জানান সরকারি সহায়তায় তারা তাদের উদ্যোগকে সফলভাবে এতদুর এগিয়ে নিয়ে এসেছেন। বর্তমান সময়ে বিজেপির শাসন কালে তারা সেই সহায়তা পাবেন বলে আশা করেন এবং নতুন করে ৩০০ কোটি টাকা বিনিয়োগ ও রাজ্যে নতুন পাওয়ার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানান।
এই বিষয়ে বিজেপি বিধায়ক কর্তৃপক্ষকে আশ্বাস দিয়ে জানান, রাজ্যে একটি বিশ্বাসযোগ্য সরকার প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যজুড়ে শিল্প ও বাণিজ্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসায় কারখানাটির সংস্কারের জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। রাজ্য সরকার কারখানাটির উন্নয়নের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে।
ভবিষ্যতে আধুনিক গ্রুপের সম্প্রসারণ স্থানীয় বেকারদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। প্রসঙ্গত উল্লেখ্য দেশের একাধিক এলাকায় আধুনিক গ্রুপের পাওয়া প্রজেক্ট ছাড়াও বিভিন্ন সফল উদ্যোগ রয়েছে।


















