eaibanglai
Homeএই বাংলায়কয়লা-বালির সিন্ডিকেট নিয়ে তৃণমূল নেতার বিস্ফোরক পোস্ট

কয়লা-বালির সিন্ডিকেট নিয়ে তৃণমূল নেতার বিস্ফোরক পোস্ট

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- রাজ্যে পালা বদলের পর রাজ্যকে দুর্নীতিমুক্ত করার কথা জানিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী। আর তার জন্য লাগাতার চলছে অভিযান। রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের কুকীর্তি ও দুর্নীতির ঘটনা সামনে আসছে। দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে জেলায় জেলায় গ্রেফতার হচ্ছেন তৃণমূলের বিধায়ক থেকে ছোট বড় প্রভাবশালী নেতারা। এই আবহে পশ্চিম বর্ধমান জেলার কয়লা-বালি-লোহার সিন্ডিকেটরাজ ও তৃণমূলের যোগসাজশ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিতর্কে জড়ালেন আসানসোলের বোরো চেয়ারম্যান। অন্যদিকে ওই পোস্ট নিয়ে কটাক্ষের সুর শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায়।

প্রসঙ্গত, তৃণমূল কংগ্রেসের নেতা তথা আসানসোল পুরনিগমের ৩ নং বোরো চেয়ারম্যান উৎপল সিংহ ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করেছেন । নিজের ফেসবুকে পোস্টে উৎপল সিংহ দাবি করেন, পশ্চিম বর্ধমানে কয়লা, বালি ও লোহার টাকার কালেকশনের সঙ্গে কিছু বিশ্বাসঘাতক জড়িত ছিল। অর্থাভাবে বহু যুবক ভুল পথে পা বাড়িয়েছিল এবং রাজনৈতিক নেতা হওয়ার নেশায় কলকাতায় টাকা পৌঁছে দেওয়ার একটি সংস্কৃতি গড়ে উঠেছিল।

পোস্টে তিনি লেখেন, “অভাগা ভালো ছেলেরা আজ চোর। এদের মতো লিডারদের অ্যারেস্ট অত্যন্ত জরুরি। যারা ভালো পলিটিক্যাল ছেলে তৈরি না করে কিছু গুণ্ডা ও তোলাবাজ বানিয়েছে। যদি সত্যি সত্যি বাংলার শুদ্ধিকরণ হয় তাহলে বাংলার মানুষ হিসেবে খুশি হব।”

যদিও উৎপল সিংহ তার পোস্টে কারোর নাম উল্লেখ করেননি। তবুও কয়লা-বালি ব্যবসা, অর্থ সংগ্রহ এবং রাজনৈতিক নেতৃত্বের কাছে টাকা পৌঁছে দেওয়ার প্রসঙ্গ ঘিরে পশ্চিম বর্ধমানের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

তৃণমূল নেতৃত্বের তরফে উৎপল সিংহের এই বিস্ফোরক পোস্ট নিয়ে কোন মন্তব্য করা না হলেও পাল্টা আক্রমণ শানিয়েছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি প্রশ্ন তোলেন, যদি সাধারণ মানুষ এতদিন ভয়ে মুখ না খুলে থাকেন, তাহলে তৃণমূলের নেতারাও কি কারোর ভয়ে এতদিন নীরব ছিলেন? এখন অনেকেই নানা কথা বলছেন। কিন্তু এতদিন কোথায় ছিলেন? যদি দুর্নীতির বিরুদ্ধে বলার থাকে, তাহলে আগে কেন বলেননি? বিজেপিতে যোগ দিলেই কেউ নিজের অতীত কর্মকাণ্ডের দায় থেকে মুক্তি পাবেন না। বিজেপিতে এসে সাফাই গাওয়ার সুযোগ নেই। দুর্নীতির সঙ্গে যুক্ত থাকলে দল পরিবর্তন করলেই রেহাই মিলবে না। অপরাধীদের মতোই তাদের বিচার হবে। দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড়া হবে না।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments