নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– অবশেষে সন্ত্রাস, দুর্নীতি সহ একাধিক অভিযোগে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ পাশওয়ানকে গ্রেফতার করল পাণ্ডবেশ্বর থানার পুলিশ।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার একটি মামলায় আগাম জামিনের আবেদন করতে বুধবার দুর্গাপুর মহকুমা আদালতে হাজির হয়েছিলেন পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ পাসোয়ান ও তার ভাই। সেই খবর ছড়িয়ে পড়তেই আদালতে পৌঁছে যান ওই সময়ের আক্রান্ত বলে দাবি করা বিজেপি কর্মী-সমর্থকরা। তাদের অভিযোগ, ভোটের পর এলাকায় সন্ত্রাস, হামলা ও অত্যাচারের অন্যতম মুখ ছিল সন্তোষ পাসোয়ান। এমনকি তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা। অভিযোগ আদালত চত্বরে বিক্ষোভ দেখে পালাতে গেলে দুই দুই পাসোয়ান ভাইকে ধরে ফেলে বিক্ষোভকারীরা এবং একটি গাড়িতে তুলে নিয়ে যায়। যদিও বিজেপি সমর্থকরা দাবি করেন বহুদিন ধরে পলাতক ওই অভিযুক্ত নেতাকে পুলিশের হাতে তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই পদক্ষেপ করা হয়েছে।
ওই ঘটনার পর অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ এবং বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে। এদিন বিচারক ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।


















