সঙ্গীতা চৌধুরীঃ- আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। শ্রাবণ মাস মানে মহাদেবের বার, কেউ এই পুরো মাসটা পালন করে, কেউ আবার শ্রাবণ মাসের সোমবার গুলো শুধু পালন করে। শ্রাবণ মাসের সোমবার গুলো কেউ নিরামিষ আহার করে, কেউ হবিষ্যান্ন খায় , কেউ নির্জলা থাকে, কেউ ফলাহার করে… এভাবেই যে যার নিজের নিজের শারীরিক সক্ষমতা অনুযায়ী মহাদেবের এই মাসটি পালন করে।
এই সোমবারগুলোতে সবাই ভোরবেলায় ঘুম থেকে উঠে কাঁচা বস্ত্র পরে যে যার নিজের নিজের মত দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন। তার মাথায় জল, দুধ, ঘি, মধু বেলপাতা অর্পণ করে অভিষেক করেন। যারা কোন বিশেষ শৈব মন্ত্রের অধিকারী তারা সেই মন্ত্রে অভিষেক করেন আর অন্যান্য মানুষেরা নমঃ শিবায় মন্ত্রে অভিষেক করেন। এই শ্রাবণ মাসে অতি অবশ্যই শৈব মাহাত্ম্য পাঠ করা উচিত, এই সময় শিব পুরাণ পড়া উচিত।
এছাড়া চেষ্টা করবেন ব্রত চলাকালীন সময়ে কারও নিন্দা না করতে, কারও ক্ষতি কামনা না করতে। কিন্তু এই শ্রাবণ মাসের সোমবার গুলোতে আপনি যা একান্তভাবেই করবেন না সেটা হল, অনেকেই সোশাল প্লাটফর্মে নানান রকম ভিডিও দেখে সেই অনুযায়ী মন্ত্র নিয়ে দেবাদিদেব মহাদেবের অভিষেক করতে থাকেন। এখন বিভিন্ন সোশ্যাল প্লাটফর্মে যারা যারা মন্ত্র দিয়ে শিবকে অভিষিক্ত করান, তারা হয়ত সেই মন্ত্র তাদের গুরু কর্তৃক পেয়েছেন, তাই সেই মন্ত্রে তাদের অধিকার রয়েছে কিন্তু অধিকার ভিন্ন সেই মন্ত্র জপ করা উচিত নয়। তাই গুরু আদেশ ছাড়া কোনো ভিডিও দেখে সেই ভিডিওর মন্ত্র নিয়ে মহাদেবের আরাধনা করতে যাবেন না তাহলে হিতে বিপরীত হবে।
মনে রাখবেন মহাদেব একটি বেলপাতাতেই সন্তুষ্ট, মন থেকে তাকে যদি আপনি ডাকেন তাহলে মন্ত্রের প্রয়োজন হবে না। এছাড়া আপনার মনে হলে আপনি নমঃ শিবায় মন্ত্র জপ করতে পারেন যে কোন মুহূর্তে, কিন্তু এছাড়া কোন বৈদিক মন্ত্র জপ করতে গেলে অবশ্যই গুরুর আদেশ লাগে এবং গুরুর থেকে অধিকারপ্রাপ্ত হতে হয়, তাই পূণ্যের আশায় আপনারা পাপের দিকে যাবেন না। হর হর মহাদেব।

















