সংবাদদাতা,আসানসোলঃ- বহু বছরের বসতি উচ্ছেদের আশঙ্কায় সোমবার উত্তাল হয়ে উঠল লেফ্ট ব্যাঙ্ক। দুর্গামন্দির সংলগ্ন এলাকায় ডিভিসির ২৯টি উচ্ছেদ নোটিস টাঙাতে পৌঁছতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। উত্তেজনার জেরে বাধ্য হয়ে এলাকা ছাড়েন ডিভিসির আধিকারিকেরা।
ডিভিসির দাবি, ১৯৭১ সালের আইন অনুযায়ী বেআইনি দখল চিহ্নিত করে আগামী ২৭ জুলাই শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। তবে ৩০-৪০ বছর ধরে বসবাসকারী গরিব মানুষেরা একে মাথার উপর ছাদ কেড়ে নেওয়ার চক্রান্ত বলে ক্ষোভ প্রকাশ করেছেন।
বামনেত্রী শিপ্রা মুখোপাধ্যায় আইনি লড়াইয়ের ঘোষণা করে বৈঠক ডেকেছেন। অন্যদিকে, ডিভিসির ডেপুটি জেনারেল ম্যানেজার সুখময় নায়েক স্পষ্ট জানিয়েছেন, এই অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। প্রশাসনিক কড়াকড়ির মুখে দীর্ঘদিনের বাসিন্দাদের পুনর্বাসন ও অস্তিত্বের প্রশ্ন এখন বড় হয়ে দেখা দিয়েছে।


















