সংবাদদাতা,দুর্গাপুরঃ- কাঁকসা থানার উদ্যোগে বুধবার আয়োজিত করা হয় ফিরে পাওয়া অনুষ্ঠান। পাশাপাশি আয়োজন করা হয় একটি রক্তদান শিবিরেরও।
এদিনের অনুষ্ঠানে মোট ৩০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, অভিযোগ পাওয়ার পর ধারাবাহিক তদন্ত চালিয়ে বিভিন্ন এলাকা থেকে এই মোবাইল ফোনগুলি উদ্ধার করা হয়।
অন্যদিকে চুরি যাওয়া কিংবা বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে রীতিমতো খুশি হন মানুষজন। পুলিশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন সকলে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি রাসপ্রিত সিং, কাঁকসার এসিপি আলি রেজা-সহ কাঁকসা থানার ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ দাস সহ একাধিক পুলিশ আধিকারিক। তাঁরা উপস্থিত মোবাইল মালিকদের হাতে ফোন তুলে দেন এবং সাধারণ মানুষকে মোবাইল হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন।
পাশাপশি এদিন কাঁকসা থানার উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়। এই শিবিরে পুলিশ কর্মী, সিভিক ভলান্টিয়ার এবং এলাকার বহু সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করেন।

















